ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে কংগ্রেসের কয়েকজন নেতাকর্মী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় রাহুল গান্ধী নিরাপদ রয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িবহরের পেছনের দিকে থাকা পাঁচটি গাড়ি এতে জড়িত ছিল।
দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক্সপ্রেসওয়ের ডান পাশের দ্রুতগতির লেনে ছিল অ্যাম্বুলেন্সটি। অন্য লেনগুলোতে বেশ কয়েকটি গাড়ি কাছাকাছি অবস্থানে চলছিল। সংঘর্ষের পর একটি স্করপিও এসইউভির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটি অ্যাম্বুলেন্সের সামনে থেমে যায় বলে ফুটেজে দেখা গেছে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) লক্ষ্ণৌ বিমানবন্দরে অবতরণ করেন রাহুল গান্ধী। সেখান থেকে তার গাড়িবহর সুলতানপুরের উদ্দেশে রওনা হয়। গন্তব্য থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে থাকতেই দুর্ঘটনাটি ঘটে।
সুলতানপুরে একটি মানহানির মামলায় শুনানি ও রায় ঘোষণার জন্য বিশেষ এমপি-এমএলএ আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।
২০১৮ সালের ৪ আগস্ট উত্তরপ্রদেশের বিজেপি নেতা ও সুলতানপুর জেলা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিজয় মিশ্র রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ওই বছরের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে এক নির্বাচনী সমাবেশে অমিত শাহকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই বক্তব্যকে কেন্দ্র করেই মামলাটি হয়।
সূত্র: এনডিটিভি
