জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমারকে শ্বাসরোধে হত্যার দায়ে মোজাম হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত মোজাম হোসেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুসুম্বা গ্রামের দিলীপ কুমারের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন প্রতিবেশী মোজাম। এ নিয়ে দিলীপ ও স্থানীয় প্রতিবেশীরা তাকে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মোজাম বিভিন্ন সময়ে দিলীপকে হত্যার হুমকি দেন। ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার ২০০৪ সালের ১ জুন মোজামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মোজাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) আহসান হাবীব চপল বলেন, হত্যা মামলায় মোজাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।
